বঙ্গবন্ধু বিশ্বের শোষিত মানুষের আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন :তোফায়েল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০০:১৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমসাময়িক রাজনীতিকের মধ্যে সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আর এজন্যই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের শোষিত মানুষের আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন।

গতকাল শনিবার বিকালে রাজধানীর মিরপুরের গোলারটেক মাঠে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বিশ্বনেতা হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার কর্ম দিয়ে। ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির সবকটি প্রগতিশীল আন্দোলনেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু। আর তাই আজ মুজিববর্ষ গোটা বিশ্বের মানুষ পালন করছে। ১৯৫টি দেশে পালিত হচ্ছে এই মুজিববর্ষ।

১৯৬৯ সালের স্মৃতিচারণ করে তোফায়েল আহমেদ বলেন, ১৯৬৯ সালের এই জানুয়ারি মাসে ১৭ তারিখ থেকে আমরা ছাত্রসমাজ আন্দোলন শুরু করেছিলাম। অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি তাকে মুক্ত করি। ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান তত্কালীন রেসকোর্স ময়দানে ১০ লক্ষাধিক লোকের সমাবেশে প্রিয় নেতাকে আমরা বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলাম। আমরা এই কথা বলেছিলাম যে—প্রিয় নেতা আপনি এই বাংলার মানুষের জন্য বারবার জেল, জুলুম অত্যাচার সহ্য করেছেন। ফাঁসির মঞ্চে গিয়েছেন। মৃত্যুকে আলিঙ্গন করেছেন। সেই নেতাকে কৃতজ্ঞচিত্রে বাঙালি জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে এলেন। শুরু হলো আবার নতুন করে সংগ্রাম। এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে শুরু করলেন দেশ গড়ার সংগ্রাম। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বে সারাবিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী প্রমুখ।