সিটি করপোরেশনের মার্কেট দখল নিতে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বংশাল থানাধীন গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতাসহ অন্তত সাত জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ঐ মার্কেটে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। আহতরা হলেন মাইনুল ইসলাম মামুন খান, এমদাদুল ইসলাম, ফারুক হোসেন পলাশ, সাকিব, কাউসার, মনির ও সাজু। আহতদের মধ্যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মামুন খান ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন পলাশের অবস্থা গুরুতর। দুজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে চিকিত্সকরা জানান। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আত্মগোপনে থাকা যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
ঐ মার্কেটের দোকান মালিক সমিতির সহসভাপতি আবু বক্কার সিদ্দিক জানান, মার্কেটের পঞ্চম তলায় দুপুরে দোকান মালিক সমিতির অফিসের মিটিং করছিলেন ব্যবসায়ীরা। এ সময় শাহাবুদ্দিনের নেতৃত্বে ৪০-৫০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। আহত ব্যবসায়ীরা জানান, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র, স্ট্যাম্প, রডসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ ঘটনায় যুবলীগ নেতা শাহাবুদ্দিন, ৩৪ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা রনি ও ঐ ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক আহাদ বাপ্পিসহ ৫০-৬০ জনকে আসামি করে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, বহিরাগতরা হামলা চালিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
