ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৪১.৫ ওভার ব্যাট করে ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের চেয়ে ৩১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে। চার টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ইংলিশরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করেন।
ব্যাট করতে নেমে অনেক ধীর গতিতে রান তুলতে থাকেন প্রোটিয়াদের দুই ওপেনার পিটার মালান ও ডিন এলগার। দলীয় ২৯ রানের মাথায় ৬৩ বল মোকাবেলা করে ১৫ রানে ইংলিশদের প্রথম শিকার হন পিটার মালান। এরপর রানের খাতা খোলার আগেই বিদায় নেন রসি ফন ডার ডাসেন। দলের এমন বিপর্যয়ের দিনও হাল ধরতে পারেননি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মাত্র ৩ রান করেই ওকসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগেই স্টোকসের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় ওপেনিংয়ে নামা ডিন এলগারকে। তিনি ৬৪ বল খেলে মাত্র ২৬ রান করেন। এরপর মার্ক উডের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন টেম্বা বাভুমা (৬)।
এরআগে, ৪ উইকেটে ১৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল সফরকারি ইংল্যান্ড। ৩১৮ রানে ৯ উইকেট হারানো ইংলিশদের ৪০০ রানের সংগ্রহ এনে দেন ব্রড ও উড। এই দুই বোলার শেষ উইকেট জুটিতে করেন ৮২ রান। স্বাগতিক বোলারদের মধ্যে এনরিখ নর্তজে শিকার করেন পাঁচ উইকেট।
ইত্তেফাক/এসআই
