মৃত্যুঞ্জয়ের বিশ্বকাপ শেষ, যাচ্ছেন রুয়েল 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১২:৪৭

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ৩ ম্যাচে ২ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে টাইগার যুবারা। মৃত্যুঞ্জয়ের ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েছেন রুয়েল মিয়া। 

বড় স্বপ্ন নিয়েই  দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ মিশনে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই স্বপ্নের প্রাথমিক সফলতাও এসেছে। গ্রুপ পর্বে জিম্বাবুয়েকে ৯ উইকেট এবং স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে বড় জয় পায় আকবর বাহিনী। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টির বাঁধায় পণ্ড হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে টাইগার যুবারা।

প্রথম দুই ম্যাচে ৯.১ ওভার বল করে ৩৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয়। তার কাঁধের ইনজুরিতে কপাল খুলেছে আরেক পেসার সিলেটের রুয়েল মিয়ার। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যোগ দিতে দেশ ছাড়বেন এই তরুণ পেসার। 

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন তিনি। সিলেটের হয়ে খেলতে নেমে চট্টগ্রামের বিপক্ষে এক ইনিংসেই ২৬ রানে ৮ উইকেট তুলে নেন তিনি। 

ইত্তেফাক/এসআই