রাষ্ট্র নয় বরং দুজন ব্যবসায়ী বন্ধুর টাকায় বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেয়ার জন্য সুইজারল্যান্ডের ডাভোসে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ডাভোসে আসা অন্যান্য রাষ্ট্রপ্রধানদের চেয়ে সবচেয়ে সস্তা ভ্রমণ করেছেন বলেও দাবি করেছেন ইমরান খান। বৃহস্পতিবার ডাভোসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইমরান খান এমন দাবি করেন । খবর দ্য ডনের।
ওই অনুষ্ঠানে ইমরান খান বলেন, বিশ্বের অন্যান্য নেতাদের চেয়ে দশগুণ টাকা কম খরচ করে তিনি সুইজারল্যান্ড এসেছেন। পাকিস্তানে পূর্ববর্তী শাসকদের সমালোচনা করে ইমরান খান বলেন, গত নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেয়ার জন্য তিনি আসিফ জারদারি থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার কম খরচ করেন । এসময় মন্ত্রীদের অযথা ব্যয় নিয়েও কথা বলেন ইমরান খান। এই বিষয়ে ইমরান খান বলেন, তারা যখন বলে যে তারা কোথাও যেতে চায় আমি দ্রুত সেটাকে বাদ দিতে বলি যদি না তারা আমকে বোঝাতে পারে যে এটা দেশের জন্য ভালো হবে। আমি তাদের কোথাও যেতে দেই না।
এর আগেও সরকারের খরচ কমানোর নজির স্থাপন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে সফরের সময় পাকিস্তানের এই প্রধানমন্ত্রী সরকারি বিশেষ বিমানের বদলে কাতার এয়ারওয়েজের 'কমার্শিয়াল ফ্লাইটে' চেপে যাত্রা করেন।
ইত্তেফাক/এআর
