আজ রাতেই দেশে ফিরবে মাহমুদউল্লাহরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:০৪

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর মাঠ থেকেই দেশের উদ্দেশ্যে রওয়ানা দিতে বিমানবন্দরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। মাহমুদউল্লাহদের ২৮ জানুয়ারি দেশে আসার কথা থাকলেও প্রতিকূল পরিবেশের কারণে সোমবার গভীর রাতেই ফিরছেন তারা। 

ভ্রমণ ক্লান্তি কমাতে বিশেষ বিমানে বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেঘদূতে ২২ জানুয়ারি রাতে লাহোরে অবতরণ করেন তারা। এবারের সফরে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যার মধ্যে ২৪ ও ২৫ জানুয়ারি দুটো ম্যাচেই হেরে ইতিমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ।

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আজ সোমবার শেষ ম্যাচ খেলতে নামবেন টাইগাররা। পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলকে দেয়া কড়া নিরাপত্তার মধ্যে নিজের বন্দি হিসেবে মনে করছেন ক্রিকেটার ও সফরের সঙ্গে থাকা অন্যান্যরা। হোটেল টু মাঠে সীমাবদ্ধ থাকছে তাদের চলাফেরা। ফলে খেলা শেষ করেই দেশে ফিরতে উদগ্রীব হয়ে উঠেছেন তারা।

সব কিছু ঠিক থাকলে স্থানীয় সময় রাত ১১টায় দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ টিম। রাত তিনটার দিকে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তাদের। পাকিস্তানের পার্ল কন্টিনেন্টাল হোটেলে থাকছেন বাংলাদেশ টিমের সকল সদস্য। 

ইত্তেফাক/এসআই