৩৫তম বিসিএসে সুপারিশকৃত ১৭ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
গত বছরের ২৮ জুলাই এই ১৭ জনকে নিয়োগ দিতে রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন এডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও এডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম।
এর আগে ৩৫তম বিসিএসে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ ও সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থণা করে হাইকোর্টে রিট দায়ের করেন ওই ১৭ প্রার্থী।
আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৫তম বিসিএসে পিএসসি সবমোর্ট ২ হাজার ১৫৮ জন প্রার্থীকে সুপারিশ করে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে ২ হাজার ১১৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করলেও রিট আবেদনকারী ১৭ জনকে নিয়োগ দেয়নি। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ ও একই সঙ্গে সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে রিট দায়ের করা হয়।
আরও পড়ুন: ঢাকা সিটির কেন্দ্রেগুলোতে চলছে ইভিএম প্রদর্শন
রিট আবেদনকারীরা হলেন- রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস.এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও মো. ফরহাদ হোসেন।
এডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। বাসস
ইত্তেফাক/কেকে
