রংপুরে সাংবাদিক লাঞ্ছিত, ডাকঘরের কর্মকর্তাসহ প্রত্যাহার ৪

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:০৬

রংপুরে প্রধান ডাকঘরে সাংবাদিকদেরকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে ডাকঘরের চার কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ডাকঘরের রংপুর বিভাগীয় জেনারেল পোস্ট মাস্টার প্রদীপ কুমার এ ঘোষণা দেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকারী পোস্টাল মাস্টার শাহানাজ বেগম, পোস্টাল অপারেটর সৈয়দা আফরোজ পলি, ইডি কর্মকর্তা সাহেব আলী ও চালক ফরহাদ রেজাকে প্রধান ডাকঘর থেকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, এর আগে মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ডাকঘরের কর্মচারীরা জৈষ্ঠ্য সাংবাদিকসহ পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত ও মারধর করার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও মাহিগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি ও সংবাদের জেলা বার্তা প্রতিবেদক লিয়াকত আলী বাদলসহ পাঁচ সাংবাদিকে প্রধান ডাকঘরের পোস্ট মাস্টারসহ ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা লাঞ্ছিত ও মারধর করেছে। 

প্রত্যাক্ষদর্শীরা জানান, সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রংপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা কাচারী বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। 

আরও পড়ুন: সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর টহল

এসময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন ডাকঘরের বিভাগীয় জেনারেল পোস্ট মাস্টার প্রদীপ কুমার। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন সাংবাদিকরা।


ইত্তেফাক/আরআই