বাগেরহাট কারাগারে আটক ৬৩ ভারতীয় জেলেকে বৃহস্পতিবার সকালে সমুদ্রপথে ভারতে পাঠানো হয়েছে। বুধবার সকালে জেলা আদালতের বিচারক তাদের মুক্তি দিলে তাদের বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় এসব ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা আটক করে। এই ৬৩ ভারতীয় জেলে মুক্তি পেলেও বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাগেরহাট কারাগারে আরো ৮২ ভারতীয় জেলে আটক রয়েছেন।
মোংলার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ৬৩ ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন ভঙ্গ করে। সুন্দরবন উপকূলে মাছ শিকারের অপরাধে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় আটকের পর মোংলা থানায় হস্তান্তর করে। পরে এসব ভারতীয় জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমুদ্র আইনে মামলা দায়ের করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
বুধবার আদালত তাদের মুক্তি দিলে বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দিবাগত রাত ২টায় জোয়ারের সময় এসব জেলেদের মোংলা থেকে বঙ্গোপসাগরে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে এসব ভারতীয় জেলেদের সমুদ্রসীমার জিরো পয়েন্ট থেকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পাঠিয়ে দেয়।
ইত্তেফাক/আরকেজি
