বগুড়ার ধুনট উপজেলায় ধানের খেতে কাজ করার সময় রঞ্জু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রঞ্জুর বাড়ি উপজেলার শৈলমারী গ্রামে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির প্রতিবেশী আলতাব হোসেনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক ফিরোজ আহম্মেদ (২৫) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : উৎসবমূখর পরিবেশে দু’সিটির ভোট গ্রহণ চলছে : নানক
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রঞ্জু মিয়া বাড়ির পাশে ৫০০ মিটার দূরে পাওয়ার টিলার দিয়ে বোরো ধানের জমি চাষ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা সেখানে তাকে কুপিয়ে পালিয়ে যান। পরে তার চিৎকারে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই অবস্থায় রঞ্জু মিয়াকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিবেশী ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
ধুনট থানার পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ জানা যায়নি।
ইত্তেফাক/এমআরএম
