ভোটের দিন ভোট দেওয়ার পর থেকে প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা কাজে লাগানোর চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ।
শনিবার ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
আতিক বলেন, সারাদিনে যা দেখেছি তাতে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে। আমি শতভাগ আশাবাদী ঢাকাবাসী আমাকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে। এর চেয়ে বড় কথা যে আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা দিয়েছে, দেশকে উন্নয়ন, দেশকে লাল সবুজের পতাকা দিয়েছে সে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় দেখেছি জনসভা পথসভা গুলো জনসমুদ্রে পরিণত হয়েছিল। এখন অপেক্ষা বিজয় দেখার। আশা করছি জয় আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।
আরও পড়ুন: ভোটারদের কম উপস্থিতির কারণ বিশ্লেষণ প্রয়োজন: তাপস
উত্তরের মেয়র প্রার্থী আতিক আরও বলেন, ভোটে একটি দল হারবে একটি দল জিতবে এটাই বাস্তবতা। কিন্তু একটি অংশগ্রহণ মূলক নির্বাচন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি । জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এ জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ।
ইত্তেফাক/আরআই
