স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলোনা মাসুদ রানার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৬

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাটিবাহী একটি ট্রাক চাপায় মাসুদ রানা (১৪) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার বিকেলে ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া বাজারে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মাসুদ রানা প্রিন্সিপ্যাল হাফিজ উদ্দিন স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং উপজেলার জালসা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। ট্রাক (ঢাকা-ড-১৯৩৫) চালকের নাম জহিরুল।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ প্রতিদিনের ন্যায় ছুটি শেষে স্কুলের গাড়িতে উঠার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় পেছন থেকে একটি মাটিবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ৪ লাখ টাকা সুদাসলে একবছরে ২০ লাখ টাকা!

কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা জানান, মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসি