হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শাবানা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৭

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী শাবানা আজমি। এ মাসের গোড়ার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বর্তমানে অভিনেত্রী কোকিলাবেন হাসপাতালে ভরতি ছিলেন। প্রায় ১৩ দিন ভরতি থাকার পর শুক্রবার বিকেলে ছাড়া পান। তবে এখনো তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ১৮ জানুয়ারি মু্ম্বাইয়ের পুণে এক্সপ্রেসওয়ে ধরে চলছিল শাবানার গাড়ি। সেই একই গাড়িতে ছিলেন জাভেদ আখতারও। গাড়িটি হঠাৎই সজোরে ধাক্কা মারে এক ট্রাকে। যার জেরে অভিনেত্রীর গাড়ির সামনের অংশ থুবড়ে যায়। দুর্ঘটনায় মুখের একাধিক অংশে ক্ষত হয়। একপ্রকার ভাগ্যের জোরেই বেঁচে যান সংগীতকার তথা লেখক জাভেদ আখতার। দুর্ঘটনা ঘটা মাত্রই আশপাশ থেকে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন অভিনেত্রীকে। পিছনের সিটে বসে থাকাতেই প্রাণে বেঁচে যান অভিনেত্রী এবং জাভেদ আখতার। দুর্ঘটনার পর প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিকে তখনই ভরতি করা হয় নবি মু্ম্বাইয়ের এমজিএম হাসপাতালে। পরে তাকে কোকিলাবেন হাসপাতালে স্থানান্তর করা হয়। শাবানার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অনেকটা অংশ।

দুই তিনদিন পর থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। স্বামী জাভেদ আখতারও সেকথা জানান। শাবানার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন প্রযোজক বনি কাপুর-সহ অনেকে। কিন্তু তারা অভিনেত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। অবশেষে হাসপাতাল থেকে শুক্রবার ছাড়া পেলেন অভিনেত্রী শাবানা আজমি।

ইত্তেফাক/বিএএফ