হরতালের নেই প্রভাব, যান চলাচল স্বাভাবিক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবেই চলছে। সড়কে চলছে যানবাহন। অফিসগামী মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল শিক্ষার্থীদেরও সড়কে দেখা গেছে। রবিবার সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর ধানমন্ডি, আসাদগেট, ফার্মগেট, কাওরান বাজার, মতিঝিল, পল্টন, মালিবাগ, মিরপুর এলাকা ঘুরে দেখা যায়, এসব সড়কে যানবাহন চলছে। কোথাও কোথাও আবার যানজটও দেখা যায়। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বাস, লেগুনা, সিএনজি চলছে স্বাভাবিকভাবেই। ব্যক্তিগত গাড়িও সড়কে চলতে দেখা গেছে। অন্যদিকে সড়কে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। 

এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কিছু নেতাকর্মী। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

ইত্তেফাক/জেডএইচ