ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লীগের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর সংস্থা আরব লীগ।

গতকাল মিশরে এক জরুরি বৈঠকে দেশগুলোর প্রতিনিধিরা এটা প্রত্যাখ্যান করার ব্যাপারে একমত হন। পরে বিবৃতিতে সেই সিদ্ধান্ত জানানো হয়।

আরব লীগ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে না। যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘শতাব্দীর সেরা চুক্তি’তে ফিলিস্তিনিদের ন্যূনতম অধিকার দেওয়া হয়নি বলে বিবৃতিতে জানানো হয়।

এই পরিকল্পনা বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে কোনো ধরনের সহায়তা করা হবে না বলেও জানিয়েছে সংস্থাটি। জোর করে পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত হবে না বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। —আল জাজিরা

ইত্তেফাক/এসআর