হবিগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থী গউছের গণসংযোগে হামলা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ এ অভিযোগ করেছেন।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পার্কিং এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগে যান। ইসলামী ব্যাংকের নিকট পৌছুলে হঠাৎ একদল লোক লাঠিসোটা নিয়ে নৌকা নৌকা বলে স্লোগান দিয়ে তাদের উপর হামলা করে। এ হামলায় শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়ার নেতৃত্বে এ হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর থেকে তিনি স্থানীয় একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে অবরুদ্ধ আছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মো. ছালেক মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, আমি পূর্ব বাগুনিপাড়া গ্রামে একটি উঠান বৈঠকে ছিলাম। হঠাৎ খবর পেলাম বিএনপি-জামায়াতের কয়েকশ’ নেতাকর্মী আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। হামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান বাবুর হাত ভেঙ্গে গেছে। তিনি বলেন, এখন আমরা আতংকে আছি তারা আবারও হামলা চালাতে পারে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ইত্তেফাক/আরকেজি