২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চলতি আসরের সমাপ্তি ঘটবে আগামীকাল। শেষ সময়ে গ্রাহকদের জন্য নানা অফার থাকায় সব দোকানেই চলছে কেনাকাটার ধুম।
গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, হরতাল থাকলেও সকাল থেকেই মেলার বিভিন্ন স্টলে ভিড় জমিয়েছেন ক্রেতারা। শেষ বিকালে সেই ভিড় আরো বাড়ে। সব স্টলেই তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। দিচ্ছেন আগের তুলনায় বেশি মূল্যছাড়। মূল্যছাড় পেয়ে মেলার শেষ মুহূর্তে প্রয়োজনীয় পণ্য কিনছেন অনেক ক্রেতা। খাবার থেকে শুরু করে পোশাক, আসবাবপত্র, কসমেটিকস, ইলেকট্রনিকস, গৃহস্থালি পণ্য, হস্তজাত বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৪০ থেকে ৭০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।
দেশি-বিদেশি একাধিক স্টলের বিক্রেতা বলেন, ‘শুরুর দিকের হতাশা শেষ সময়ে এসে হাসিতে পরিণত হলো। প্রথম দুই সপ্তাহের চেয়ে এখন বেচাবিক্রি বেড়েছে প্রায় তিনগুণ। ক্রেতাদের সর্বোচ্চ সাড়া পাচ্ছি। এখন আর কেউ পণ্য দেখতে আসেন না, সবাই কেনার জন্যই আসতেছেন। আমরা সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি। মেলা থেকে পণ্য ফিরিয়ে নিতে চাচ্ছি না তাই ফ্যাক্টরি খরচে অনেক পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া মূল্যছাড় আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে।’
মিরপুর থেকে মেলায় আসা এক গৃহিণী বলেন, ‘সময় স্বল্পতার কারণে এতদিন মেলায় আসা হয়নি। শেষ সময়ে এসে মূল্যছাড়ের ছড়াছড়ি দেখতেছি। কিছু গৃহস্থালি পণ্য কিনেছি। সকল পণ্যে বেশ মূল্যছাড় পেয়েছি। এখন বাচ্চাদের জন্য পোশাক ও কিছু কসমেটিকস কিনব।’
জাহিদ হাসান নামের আরেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবছরের মেলা প্রায় শেষ। মেলার মান ততোটা আন্তর্জাতিক ছিল না। হকারি পণ্যে সয়লাব ছিল মেলা।

