ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন এলাকায় ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানে না কেউ। আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের ঘটনা গত শনিবার অনুষ্ঠিত হওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের মাহাত্ম্য নষ্ট করতে ঘটানো হচ্ছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।এদিন দুপুর ১টায় ইত্তেফাকের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, সোয়া ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দ শুনে বাইরে বেরিয়ে তারা ধোঁয়া উড়তে দেখেন। সেখানে বিস্ফোরণের পর ককটেলের বেশ কিছু টুকরো পড়ে আছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরো পড়ুন: পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। একটি চক্র বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে। যে দুষ্টচক্র এর সাথে জড়িত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে অভিযোগ করেছে। একটা মামলাও হয়েছে। বিষয়টা এখন তদন্তাধীন।’
ইত্তেফাক/এএএম
