পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকা থেকে সোমবার দুপুরে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনরক্ষীরা। অর্ধেক পচন ধরা বাঘটি মাটিচাপা দেয়া হয়েছে।
সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় বনের কবরখালী খালের পাড়ে একটি বাঘ মৃত অবস্থায় দেখতে পায়। তারা বাঘটির পিছনের অংশ পচে মাটির সঙ্গে মিশে থাকতে দেখে। তাদের ধারণা বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যাওয়ার পরে পিছনের কিছু মাংস কুমিরে খেয়ে ফেলেছে।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা গেছে এবং কুমিরে অর্ধেক খেয়ে ফেলেছে তাই ময়নাতদন্ত ছাড়াই কোকিলমনি এলাকায় বাঘটি মাটি চাপা দেয়া হয়েছে।
উল্লেখ্য এর আগে ২০১৯ সালের ২০ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীর বনে একটি মৃত বাঘ উদ্ধার করে বনরক্ষীরা।
ইত্তেফাক/আরকেজি
