স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি, মুক্তিযোদ্ধা দুরুল হুদা (৬৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রবিবার দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান। সোমবার বিকাল ৫টায় নগরীর কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে রাসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল গভীর শোক প্রকাশ করেন।

