সিল ছাড়াই নিবন্ধনভুক্ত হতে পারবে ব্যবসায়িক প্রতিষ্ঠান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪২

দেশে ব্যবসা সহজ করতে সরকারি প্রচেষ্টার অংশ হিসাবে মন্ত্রিসভা আজ সিল ছাড়াই ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানি নিবন্ধনের সুযোগ রেখে বিদ্যমান কোম্পানি আইনের একটি সংশোধনীকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে কোম্পানি আইন, ১৯৯৪-এর এ সংশোধনী অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, ‘প্রস্তাবিত আইনে বিদ্যমান আইনের কয়েকটি ধারায় সংশোধন করার পরামর্শ দেয়া হয়েছে। কোম্পানি আইন ১৯৯৪-এর একটি ধারা অনুযায়ী নিবন্ধনের জন্য কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিল থাকতে হয়, প্রস্তাবিত আইনে সেটি বাতিল করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের ব্যবসায়ের প্রতিযোগিতা বাড়াতে প্রস্তাবিত আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। ৩১ মার্চের মধ্যে এটি বাতিল করা গেলে ব্যবসায় সহজতার সূচকে বাংলাদেশ আরো ৭-৮ ধাপ ওপরে উঠে আসবে। প্রস্তাবিত আইনটি ‘কোম্পানি (সংশোধন) আইন’ নামে অভিহিত করা হবে। সূত্র: বাসস

ইত্তেফাক/এমআর