পিঠের ইনজুরিটা লম্বা সময় ধরে ভুগিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। বিশ্বকাপের পর ব্যথা সামলে ত্রিদেশীয় টি-২০ সিরিজটা খেলেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু ইনজুরির দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় সাইফউদ্দিনকে। গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেট, ভারত সফর, বঙ্গবন্ধু বিপিএলে দর্শক হয়ে থাকতে হয়েছিল এই তরুণকে।
স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় আছেন সাইফউদ্দিন। পুরোদমে বোলিং শুরু করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড দিয়ে খেলায় ফিরতে চান তিনি। নতুন বলে আবারও জাতীয় দলের জার্সিতে পারফরম করার আশা করছেন সাইফউদ্দিন। বিসিবির বোলিং কোচ চম্পকা রমানায়েকের সঙ্গে গতকাল বিসিবি একাডেমিতে কাজ করেছেন তিনি। বিসিবির এই লঙ্কান কোচও সাইফউদ্দিনের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট।
গত বছর বিশ্বকাপে নতুন বলে দলের কান্ডারি ছিলেন সাইফউদ্দিন। পুরোনো বলেও তার লক্ষ্যভেদী ইয়র্কার ছিল কার্যকর। গতকাল বোলিং করে খুশিই দেখা গেল এই তরুণকে। তিনি বলেছেন, ‘প্রায় দীর্ঘসময় পর আজকে (গতকাল) পুরোদমে বোলিং করলাম। তো আলহামদুলিল্লাহ্? বেশ ভালোই। তো যেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম, লাইন-লেন্থ অ্যাকুরিসি কেমন থাকবে। তো যেমন চাচ্ছিলাম সেভাবেই হচ্ছে।’
আরও পড়ুন : টেস্ট খেলতে পাকিস্তান গেলো বাংলাদেশ দল
পরিকল্পনা অনুযায়ী বিসিএলের তৃতীয় রাউন্ড খেলতে চান সাইফউদ্দিন। যেটি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। গতকাল তিনি বলেছেন, ‘যেহেতু আমার হাতে এখনো এক সপ্তাহের মতো সময় আছে। বিসিবির ফিজিও আমাকে বলেছে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচটা খেলতে। শরীরের সঙ্গে মানিয়ে নেওয়া। তো এই এক সপ্তাহে ফিটনেস আর স্কিল আরো বাড়াতে পারব।’
চলতি মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে তিন ফরম্যাটেই খেলবে বাংলাদেশ। সাইফউদ্দিন মূলত সীমিত ওভারের ফরম্যাটই খেলেন। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফেরার আশা করছেন তিনি। গতকাল বলেছেন, ‘আশা তো আছে। বাকিটা নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের ওপর। আমি যতটুকু জানি, মেডিক্যাল টিম থেকে ছাড়পত্র দেওয়াই আছে। এখন পরবর্তী সিরিজের জন্য নির্বাচকরা আমাকে যদি বিবেচিত করে, ইনশাআল্লাহ,? আমি প্রস্তুত।’
সাদা বলে জাতীয় দলের আক্রমণ ফিরতে মুখিয়ে সাইফউদ্দিন। তবে আপাতত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকেই টার্গেট করছেন তিনি। ২৩ বছর বয়সি এই ক্রিকেটার বলেছেন, ‘ভবিষ্যতের কথা বলা আসলে কষ্টকর। আগামীকাল কি হবে সেটা আমিও জানি না। তো আপাতত সামনে আমাদের যে সিরিজগুলা আছে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে তো এটাকে সামনে রেখে আমি লম্বা সময়ের বিরতি নিছি। বিপিএলে মতো বড়ো ইভেন্টে আমি খেলিনি। তো আমার মূল টার্গেটই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে নিজেকে মেলে ধরা।’
বিসিবির বোলিং কোচ চম্পকা জানিয়েছেন, ক্রমশ উন্নতি হচ্ছে সাইফউদ্দিনের। লাল বলে বিসিএল খেলার মানসিক প্রস্তুতি নিচ্ছেন এই তরুণ। চম্পকা বলেছেন, ‘গত কয়েক দিন ধরে ওর সঙ্গে কাজ করছি। তার ব্যাক ইনজুরি ছিল কিন্তু তার অবস্থা দিনে দিনে ভালো হচ্ছে। এখন সে বোলিং করা শুরু করেছে। সে জিম্বাবুয়ে সফরকে মাথায় রেখে প্রস্তুত হচ্ছে। সম্ভবত সে ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিসিএলের ম্যাচে খেলবে। এই মুহূর্তে তার অবস্থা নিয়ে আমি খুবই খুশি।’
ইত্তেফাক/এমআরএম
