চ্যাম্পিয়ন্স লিগই ভরসা সিটির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭

ম্যানচেস্টার সিটিকে ‘সফল মৌসুম কাটাতে হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে’। কথাগুলো সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ইয়ান রাইটের।

 

শিরোপাধারী সিটি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের চাইতে ২২ পয়েন্টে পিছিয়ে আছে। হাতে আছে ১১ খেলা। কাজেই লিগ শিরোপার আশা শেষ। এখন আছে চ্যাম্পিয়ন্স লিগের আশা। মহাদেশীয় এই প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দল ২২ ফেব্রুয়ারি শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।

 

ইয়ান রাইট বলেন, ‘আপনার মনে হবে যদি তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে এটা ভালো মৌসুম নয়। কিন্তু তারা যদি এটা জিতে, তাহলে এটা হবে দারুণ মৌসুম।’ এ প্রসঙ্গে তার আরো মত, ‘আমি হলে এ জন্য খেলোয়াড়দের বেছে বেছে খেলাতাম। কারণ সিটির এখন সে ব্যাপারেই মনোযোগী হওয়া দরকার।’

 

নয় মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতা গার্দিওলাও বুঝতে পারেন বিষয়টি। কারণ বার্সেলোনার হয়ে ২০১০-১১ মৌসুমে শিরোপা উঁচিয়ে ধরার পর তিনি আর কখনো ফাইনালেই তুলতে পারেননি দলকে। সিটির ডাগআউটে চতুর্থ মৌসুম পার করা স্প্যানিশ এই কোচও তাই জানালেন, চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে ব্যর্থ হিসেবেই দেখা হবে তাকে।

 

সিটি কোচ হিসেবে গার্দিওলার পরিসংখ্যান দেখলে অবশ্য ব্যর্থ বলার উপায় নেই মোটেও। চার মৌসুমে পাঁচটি শিরোপা জিতেছেন তিনি, যাতে প্রিমিয়ার লিগ আছে দুটো। প্রথমটায় আবার রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে দলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন তিনি। তবুও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে ব্যর্থতা ভাবাচ্ছে তাকে।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গেল বছর আমাদের জন্যে দারুণ ছিল। কিন্তু লোকে বলে, তোমরা প্রিমিয়ার লিগ জিততে পারনি। এ কারণেই আমাকে বিচার করা হবে। যদি আমার বিদায়ের আগে আমরা এই শিরোপাটা না জিততে পারি তাহলে আমাকে এখানে ব্যর্থ হিসেবেই দেখা হবে, আমি সেটা জানি।’

 

কাগজে কলমে সম্ভাবনা টিকে থাকলেও চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের আশা কার্যত শেষই হয়ে গিয়েছে সিটির। যদি শেষমেশ লিভারপুল লিগ জেতে তবে কোচিং ক্যারিয়ারের তৃতীয় লিগহীন মৌসুম কাটাবেন গার্দিওলা। তবে সিটিকে দুবার প্রিমিয়ার লিগ জেতালেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারেই নিয়ে যেতে পারেননি সাবেক বার্সেলোনা কোচ। এর আগে বায়ার্ন মিউনিখকেও ফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

 

লিগের আশা শেষ হয়ে যাওয়ায় বড়ো শিরোপার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগই কেবল বাকি গার্দিওলার সামনে। তার ওপর যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘ শিরোপাখরা। দুয়ের মিশেলে ইউরোপীয় শ্রেষ্ঠত্বকেই যদি চলতি মৌসুমের প্রধান লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেন গার্দিওলা, অবাক হওয়ার কিছুই থাকবে না!

 

ইত্তেফাক/এএম