রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই স্কুলছাত্র হলো- সোহাগ আলী (১২) ও সুমন আলী (১১)। সোহাগের বাবা হামিদুর রহমান ও সুমনের বাবা আলমগীর হোসেন। তাদের বাড়ি উপজেলার রাতাহারি গ্রামে। তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, স্কুল যাবার পথে সাধুর মোড় এলাকায় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন মাইক্রোবাসের সামনে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটি না থেমে চাকায় দুই স্কুলছাত্রকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটিকে শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআর
