‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উত্তরণে শিক্ষকদের কাজ করতে হবে’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪০

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ উন্নত আলোকিত মানুষ গড়তে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে উত্তরণের জন্য শিক্ষকদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য প্রতিটি মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগকে শিক্ষকদের কাজে লাগিয়ে জাতিকে শিক্ষিত করতে হবে।’

বুধবার দুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রংপুর আঞ্চলিক কেন্দ্রে সমন্বয়কারী ও শিক্ষক-টিউটরদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, ‘আগামী দিনের প্রজন্ম যেন মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যে শিক্ষকদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে তলা বিহীন ঝুড়ি থেকে উপচে পড়া ঝুড়িতে পরিণত করেছে। তিনি সর্বক্ষেত্রে সফলতা এনেছেন। শিক্ষায় নব দিগন্তের উন্মোচন করেছেন। বঙ্গবন্ধুর সুমহান প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

আরো পড়ুন: আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোকসেদুর রহমান ও আনিসুর রহমান আকন্দ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান আহমেদ। মতবিনিময় ও কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষক অংশ নেন। 

ইত্তেফাক/এএএম