রাজধানীর কদমতলী এলাকায় খেলতে গিয়ে খালে পড়ে যাওয়া ছয় বছরের শিশু আশামনির লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ দিন পর বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের পানির নিচে জমা আবর্জনার স্তূপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে ওই এলাকার রায়েরবাগ-কদমতলী সড়কের পাশে ডিএনডির পয়ঃনিষ্কাশন খালের কালভার্টের ওপর আরো কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল আশামনি। এক পর্যায়ে তাদের বল খালে পড়ে ভাসমান আবর্জনায় আটকে গেলে আশামনি সেটা তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
এরশাদ হোসাইন বলেন, ‘খালে জমা আবর্জনা অনেকটা পরিষ্কার করা হয়েছে গত চারদিনে। আজও ডুবুরিরা সেখানে তল্লাশি চালাচ্ছিলেন। একপর্যায়ে দুপুরে তাদের একজনের পায়ে মৃতদেহটি আটকায়।’
আরো পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আশামনি এ বছরই মেরাজনগর ফারহা মডেল স্কুলের শিশুশ্রেণিতে ভর্তি হয়েছিল। তার বাবা এরশাদ ওই এলাকায় একটি মুদি দোকান চালান। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজমুজ্জামান জানান, ঘটনার দিন থেকেই তাদের দুটি ইউনিট ওই খাল থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টায় তল্লাশি চালিয়ে আসছিলেন। কিন্তু প্রচণ্ড নোংরা পানিতে জমে থাকা আবর্জনার কারণে কাজে সমস্যা হচ্ছিল। পুরো খাল ময়লায় পূর্ণ। মাঝে মাঝে ময়লার স্তর এমন হয়ে রয়েছে যে মনে হবে নিচে পানি নেই। কিন্তু কেউ পা দিলে তলিয়ে যাবে। শিশুটিও ওইভাবে তলিয়ে যায়।
খালে ময়লা থাকার কারণেই শিশু আশামনিকে খুঁজে পেতে এত সময় লাগলো বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজমুজ্জামান।
শিশু আশামনির লাশ উদ্ধারের ভিডিও:
ইত্তেফাক/এএএম

