শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পাচ্ছেন রাজশাহী বিভাগের পাঁচ নারী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৫

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননার জন্য বিশ্লেষণ শেষে ১০জনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের থেকে পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার হুমায়ুন কবির খোন্দকার এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়িতা সম্মাননার জন্য বিভাগের ৮ জেলার প্রতিটি থেকে পাঁচজন করে ৪০ নারীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে থেকে ১০ জনকে মনোনীত করা হয়েছে। এ ১০ জনের মধ্যে থেকে পাঁচ জনকে চূড়ান্ত জয়িতা নির্বাচন করে সম্মাননা প্রদান করা হবে। 

মনোনীত ১০ নারী হলেন রাজশাহীর কাটাখালির শ্যামপুরের তানিয়া আজাদ, মতিহার থানার মির্জাপুরের অধ্যাপক রাশেদা খালেক, চারঘাট পৌরসভার থানাপাড়ার সালেহা বেগম, সিরাজগঞ্জ সদরের ভেন্নাবাড়ির জরিনা খাতুন, শাহজাদপুরের বেরুয়াদহ গ্রামের জীবন নাহার, বগুড়ার সোনাতলার দক্ষিণ আটকড়িয়ার শামীমা আক্তার, চাঁপাইনবাবগঞ্জ সদরের চামা গ্রামের হাসনে বানু, পাবনা সদরের রাধানগরের নাজিরা পারভীন, নওগাঁ সদরের বাংগাবাড়ীয়ার পারভীন আক্তার ও কালুপাড়ার আদরী বানু। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের সম্মাননা তুলে দেবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। পাঁচ শ্রেষ্ঠ জয়িতা সনদ, ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার টাকা এবং অপর ৩৫ জয়িতাকে সনদ, ক্রেস্ট ও ২ হাজার টাকা দেওয়া হবে। 

আরও পড়ুন: মৎস্য কর্মকর্তাকে হত্যার হুমকির অভিযোগে উপজেলা চেয়ারম্যানের নামে জিডি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/আরআই