খৎনার সময় পুরুষাঙ্গ কর্তন, খৎনাকারী আটক 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৬

খৎনা করার সময় এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন হাজাম (খৎনাকারী)। এ ঘটনায় অভিযুক্ত হাজাম ফুরকান আলী খলিফাকে (৭০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম সাদিক হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরতলীর উদিবাড়ি এলাকার আকতার হোসেনের ছেলে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ওহিদুল আলম জানান, সাদিকের পুরুষাঙ্গের দুই তৃতীয়াংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শিশুটি প্রাণে রক্ষা পেলেও পরবর্তীতে সে কতটুকু স্বাভাবিক থাকতে পারবে সে বিষয়ে ওই চিকিৎসক সংশয় প্রকাশ করেন। 

সাদিকের পিতা আকতার হোসেন জানান, সকাল ৯টায় ছেলের খৎনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। পরে যথারীতি নিয়মে খতনা করতে গিয়ে পরপর দুইবার ক্ষুর চালিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এতে প্রচুর রক্তক্ষরণে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকারে করে জানান, ফুরকান আলী খলিফাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচ