নব্য আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১১

মানিকগঞ্জের সিংগাইরে দিনে দুপুরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রিপন হোসেন লেবু (৪২)। উপজেলার জামালপুর এলাকার মুসলেম উদ্দিনের ছেলে তিনি। 

রিপনের পরিবারের অভিযোগ, এলাকার বিভিন্ন বিষয় নিয়ে রিপনের সঙ্গে বায়রা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলীর (৪৬) শত্রুতা ছিল। এর জের ধরেই হায়দার ও তার লোকজন রিপনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ, লেবুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন হোসেন আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে আওয়ামী লীগের দলীয় কোনো পদে ছিলেন না। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করে আসছিলেন। এদিকে বায়রা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকায় মাটির ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে আধিপত্য নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে লেবুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপনের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, হায়দার আলী এলাকায় বিচার–সালিসের নামে নিরীহ লোকজনকে হয়রানি করে। এছাড়া বাজারে বিভিন্ন বিষয় নিয়ে অনিয়ম করে। এ নিয়ে তার ভাই রিপন প্রতিবাদ করেছিল। সম্প্রতি বায়রা বাজার-শিবপুর সড়কের নির্মাণকাজের দায়িত্ব পান তার ভাই। এসব বিষয় নিয়ে হায়দার তার ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বায়রা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন তার ভাই। এ সময় ইউনিয়ন পরিষদের পাশে ওঁত পেতে থাকা হায়দার আলী ও তার ১০-১২ জন সহযোগী রামদা, চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান।

বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে কয়েকজন দুর্বৃত্ত এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায় লেবুকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সাঈদা বিন খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিপনকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো।

ইত্তেফাক/আরকেজি