‘মুজিববর্ষের আয়োজনে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে আসছি’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭

সম্প্রতি গাজীপুর মাতিয়ে গেলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী সনু নিগাম। জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন তিনি। মেয়র মো. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে সনু নিগাম আসেন। এই আয়োজনের দায়িত্বে ছিলেন দেশের জনপ্রিয় উপস্থাপক ও বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ। এছাড়া অনুষ্ঠানটি উপস্থাপনাও করেন তিনি।

আনজাম মাসুদ বলেন, ‘কাজটি বেশ উপভোগ করেছি। গোছানো একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া গেছে।’

উপস্থাপক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আনজাম মাসুদ পরিচিত হলেও পাশাপাশি ইভেন্ট আয়োজক হিসেবেও কাজ করছেন তিনি। বর্তমানে মূলত এ নিয়েই তার ব্যস্ততা চলছে। তিনি বলেন, ‘শোবিজের সঙ্গেই আমি সবসময় রয়েছি। যে কাজগুলো করি সেগুলো এর বাইরে নয়। ইভেন্টের ব্যস্ততাও শোবিজ নিয়ে হচ্ছে। সামনে বেশ কয়েকটি বড় ইভেন্ট রয়েছে। এরমধ্যে মুজিবর্ষের আয়োজনে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে আসছি। সেটিও গাজীপুরেই হবে। তবে এখন এর বেশি কিছু বলা সম্ভব নয়। কাজটি হলে সবাই জানবে। এটুকু বলতে পারি, সবার মনে রাখার মতো একটি কাজ হতে যাচ্ছে।’

আরো পড়ুন:যে গাড়ি নিজেই সওদা পৌঁছে দেবে বাড়িতে

আনজাম মাসুদের বিভিন্ন পরিচয় থাকলেও টিভি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা মাত্রা অনেকটাই বেশি। তাই দর্শকদের চাহিদার একটি জায়গাজুড়ে রয়েছেন তিনি। তবে নতুন কোনো অনুষ্ঠানের সংবাদ নেই অনেকদিন। অন্যদিকে বেশ কয়েকটি বিশেষ দিবস রয়েছে সামনে। এমন সময় পর্দায় তার কাজ আবারো কবে দেখা যাবে? এমন প্রশ্নে আনজাম বলেন, ‘টেলিভিশন অনুষ্ঠানের একটি বিরতি চলছে। তবে সেটি হয়তো খুব বেশি দিন থাকবে না। নতুন অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমার ওপর দর্শকদের যে আস্থা রয়েছে সেটি ঠিক থাকবে এটুকু বলতে পারি। বাকি খবর পরিকল্পনা চূড়ান্ত হলে জানাবো।’

ইত্তেফাক/এএএম