আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমে রবিবার দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচ ।
জয়ের ধারা অব্যাহত রাখতে ধারণা করা হচ্ছে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে । আর এমনটি হলে টাইগার যুবাদের হয়ে ওপেনিংয়ের দায়িত্বে থাকবে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। টপ ও মিডল অর্ডারে থাকবেন সেমিফাইনালের নায়ক মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয়, শাহদাত হোসেন , শামিম হোসেন এবং অধিনায়ক আকবর আলী। এদের মধ্যে শামিম অবশু স্পিনেও হাত ঘুরাবেন। তবে এদিনও স্পিনার রাকিবুলের দিকে তাকিয়ে থাকবে দল। এছাড়া গতি দিয়ে দক্ষিণ আফ্রি কার কন্ডিশনকে কাজে লাগানোর দায়িত্বে থাকবে শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের ওপর।
ভারতও সেমিফাইনালের একাদশ নিয়ে মাঠে নামতে পারে। এই পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চার বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এ কারণে এই ম্যাচে ফেভারিটের তকমাটি ভারতের দিকেই থাকছে।
প্রতিপক্ষ ভারত-জুজু হোক কিংবা ফাইনালের চাপ, সব একপাশে ঠেলে চূড়ান্ত লড়াইয়ে আর দশটা ম্যাচের মতোই খেলতে চান বাংলাদেশ অধিনায়ক আকবর। বিশ্বকাপে প্রথম ট্রফি জেতার স্বপ্নে বিভোর বাংলাদেশের যুবারা। দলের সঙ্গে আছেন বিসিবির কর্মকর্তারা। গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও রয়েছেন যুবাদের সঙ্গে। ফাইনালের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পৌঁছে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ
ভারত: যশস্বী জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিস্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।
ইত্তেফাক/এআর
