ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশের উদ্বোধনী জুটি। নিজের অভিষেক টেস্টের দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিলেন সাইফ হাসান। আর সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল দেশের বাইরে গুটিয়ে গেছেন।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের শুরুতেই টাইগার বাহিনীর পুরান চিত্র। দলীয় ৩৯ রানের মাথায় মাত্র ১৬ রান করে নাসেম শাহ’র বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান।
মাঠে থাকতে তামিমও যেন ধৈর্য হারা হয়ে গেলেন। ৫৩ রানের মাথায় ৩৪ রান করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এই ৩৪ রানের মধ্যে ৬টি চারের মার ছিল। প্রতিবেদন লেখা পর্যন্ত ধৈর্যের সঙ্গে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।
এর আগে শান মাসুদ এবং বাবর আজমের সেঞ্চুরির পর আসাদ শফিক এবং হারিস সোহেলের অর্ধশতকে ৪৪৫ রান তোলে পাকিস্তান।ব্যক্তিগত ২ রানে বাবর আজমের এই সহজ ক্যাচটা নিতে পারেননি এবাদত। এই সুযোগটার ষোলোআনা কাজে লাগিয়ে এই বাবর আজমই দিন শেষে হয়ে আছে বাংলাদেশের গলার কাটা। সেঞ্চুরিকে টেনে নিয়ে করেছেন ক্যারিয়ার সেরা স্কোরে।
স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৩/১০ (৮২.৫) শান্ত ৪৪, মুমিনুল ৩০, মাহমুদুল্লাহ ২৫, মিঠুন ৬৩, লিটন ৩৩; শাহীন আফ্রিদি ৪/৫৩, আব্বাস ২/১৯, হারিস সোহেল ২/১১।
পাকিস্তান প্রথম ইনিংস: ৪৪৫/১০ (১২২.৫) শান মাসুদ ১০০*, আজহার আলী ৩৪, বাবর আজম ১৪৩, আসাদ শফিক ৬৫, হারিস সোহেল ৭৫; আবু জায়েদ ৩/৮৬, রুবেল ৩/১১৩, তাইজুল ২/১৩৯।
পাকিস্তানের লিড: ২১২ রান।
ইত্তেফাক/এসআই
