দুর্বৃত্তদের হাতে নিহত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৮

দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রামের হাটহাজারীর ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আজম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বাদ আসর গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামায শেষে সন্ধ্যার দিকে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গুড়ামিয়া চৌধুরী বাড়ির আবদুল হালিম চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মরহুম একেএম নুরুল আজম চৌধুরীর কফিনে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। 

বীর মুক্তিযোদ্ধা হাটহাজারীর একেএম নুরুল আজম চৌধুরীকে সন্ত্রাসীদের নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে নিহতের আত্মার মাগফিরাত ও গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন হাটহাজারী অনলাইন প্রেসক্লাব পরিবারসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড, হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন এবং ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, হাটহাজারীর সকল মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

উল্লেখ্য, শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গুড়ামিয়া চৌধুরী বাড়ির আবদুল হালিম চৌধুরীর পুত্র সাবেক পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আজম চৌধুরীকে (৭৫) রাউজান এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করে।

ইত্তেফাক/জেডএইচডি