তালায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১

সাতক্ষীরার তালায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সৈয়দপুর গ্রামে দু’বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় রবিবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মৃত আনছার সরদারের ছেলে আবুল হোসেন সরদার (৪৫), তালার চাঁদকাটি গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (৩২) ও সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মোঃ মহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের ওরফে মিঠু (২৬)।  

আরও পড়ুন : টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অমর চন্দ্র ঘোষ ও নির্মল ঘোষের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ ঘটনায় থানা পুলিশ বিশেষ অভিযানে ৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ইত্তেফাক/এমআরএম