‘মাদক মুক্ত নিরাপদ দেশ আমরাই গড়ব বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে জেলা সদরের প্রত্যন্ত অঞ্চলের সীমান্ত সংলগ্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সোমবার মাদক বিরোধী ও মাদকের কুফল বিষয়ে সচেতনতামূলক এক সাইকেল র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক (পিকেএসএফ) ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন মাদক বিরোধী ও মাদকের কুফল বিষয়ে সচেতনতামূলক এক সাইকেল র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে।
ধলাহার ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সাইকেল র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। ধলাহার ও চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছেলে ও মেয়ে শিক্ষার্থী মাদক বিরোধী ও সচেতনতামূলক ওই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। মাদকের কুফল তুলে ধরে র্যালিতে শিক্ষার্থীরা ‘মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ রকম নানা স্লোগান লেখা প্লে কার্ড বহণ করে।
মাদক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন। সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহম্মেদ, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো: আবুল বাশার, যুগ্ম-পরিচালক রফিকুল ইসলাম বাদশা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির ফোকাল পারসন সোহেল আহমেদ, মোস্তাফা কামাল প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
