অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলকে বরণ করতে নানা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর বাহিনীদের এমন আনন্দের দিনে গুমরা মুখেই পাকিস্তান থেকে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমান বন্দরে ছিল না উপচে পড়া ভিড়। ভিআইপি টার্মিনাল দিয়ে নীরবেই পার হলেন টেস্ট দলের সদস্যরা। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গেও।
রুবেল হোসেন, এবাদত হোসেনও আবু জায়েদ রাহী ছাড়া ১৪ সদস্যের দলের বাকি সবাই দেশে এসে পৌঁছেছেন। রাওয়ালপিন্ডি টেস্টের আজ পঞ্চম দিনের খেলা থাকলেও চতুর্থ দিনেই ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এ কারণেই একদিন আগেই দেশে পৌঁছে মুমিনুল হকের দল।
দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। চতুর্থ দিনে ম্যাচ গড়ালেও ৪৪ রান আর ইনিংস ব্যবধানে হেরে যায় সফরকারী দল।
তাই আগে ভাগে দেশে ফিরে বাংলাদেশ দলের বেশিরভাগ খেলোয়াড়। মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটের ফ্লাইটে দেশে ফিরেছেন তামিম ইকবাল-মুমিনুল হকরা।
এর আগে তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফায় ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দ্বিতীয় দফায়ও শূন্য হাতে দেশে ফেরা টাইগাররা তৃতীয় দফায় পাকিস্তান যাবে এপ্রিলের শুরুতে। এই দফায় একটি ওয়ানডে ম্যাচ ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।৩ এপ্রিল একমাত্র ওয়ানডে ম্যাচ খেলার পর ৫ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
ইত্তেফাক/এসআই
