যাত্রীবাহী বিমানে বজ্রপাতের ভিডিও ভাইরাল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

ঝড়ের মধ্যে দিয়ে যাত্রী নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে ডাবলিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বিমান। আচমকাই ঝড় আর প্রবল বাতাসের সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত ঘটল বিমানের ওপর। সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। 

বার্মিংহামের বাসিন্দা ড্যানিয়েল পেরিরার সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিমানটি বজ্রপাতের ফলে ওলোটপালোট হতে থাকে। এরপরেই বিমানের ওপর বাজ পড়ার তীব্র শব্দ শোনা যায়। বিমানযাত্রীরা জানান, অলৌকিকভাবে বিমান এবং যাত্রীরা রক্ষা পান। 

ভিডিওতে লাইভ অবস্থায় পেরেইরা বলেন, ‘আমরা তখন টিভি দেখছিলাম। হঠাৎ চোখ ধাঁধানো আলো আর কান ফাটানো আওয়াজ। আশপাশের কুকুররাও প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার শুরু করে। ভয়ে পেয়ে দৌড়োতে থাকে এদিক ওদিক।’

তিনি আরও বলেন, ‘প্রায়ই তাদের বাড়ির ওপর দিয়ে বিমান উড়ে যায়। কিন্তু এমন ভয়াবহ ঘটনা কোনোদিন দেখেননি।’

বিমান সংস্থার এক মুখপাত্র বলেছেন, আনুমানিক রাত ৯টা ৩৩ মিনিটে বার্মিংহাম বিমানবন্দর থেকে বিদায় নেওয়ার পরে ডাবলিনের ইআই ২৭৭ বিমানের ওপর বাজ পড়ে। খবর: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ