একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গ্রুপটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনস্থ তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ ও দক্ষিণ কোরিয়া জাতীয় সংসদের সংসদ সদস্যদের মধ্যে পারস্পারিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদান এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক সুদৃঢ়করণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
আরো পড়ুন: ‘ওয়ান ইলেভেনের কুশীলবরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন একত্রিত’
এছাড়াও সভায় Korean Export Processing Zone (KEPZ) কে বরাদ্দ দেওয়া জমি ব্যবহারের সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে KEPZ কে পত্র দেওয়ার ব্যাপারে কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, আ ফ ম রুহুল হক এমপি, এম. আবদুল লতিফ এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, অসীম কুমার উকিল এমপি, মনজুর হোসেন এমপি, সেলিমা আহমাদ এমপি এবং জাকিয়া তাবাসুম এমপি অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম
