গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৯

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আব্দুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত।

এছাড়া একই আদালত ২০১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন : কেরানীগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বুধবার বিকালে গাইবান্ধা জেলার অতিরিক্ত দায়রা জজ মো. গোলাম ফারুক এ রায় প্রদান করেন।
    
দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের মমতাজ আলী ওরফে মন্তাজের ছেলে।

মামলার বিবরণ উল্লেখ করে সরকারি কৌশলী (পিপি) শফিকুল ইসলাম জানান, আব্দুর রশিদ ৬ বছর আগে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাবিনা বেগম ওরফে সাবিনাকে বিয়ে করে। তাদের অভাব অনটনের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে স্বামী ২০১৬ সালের ২৫ জুলাই রাতে সাবিনাকে মারপিট করে। এতে সাবিনা গুরুতর অসুস্থ হলে তার মুখে বিষ ঢেলে দেয় আব্দুর রশিদ। বিষয়টি জানতে পেরে সাবিনার আত্বীয়-স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার উদ্দেশে রওনা হয়। কিন্তু পথে সাবিনা মারা যায়। ওই ঘটনায় সাবিনার পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ইত্তেফাক/এমআরএম