জম্মু-কাশ্মীরের আরো এক নেতা গ্রেফতার 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১

জম্মু-কাশ্মীরে বন্দি আরও এক রাজনৈতিক নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। জন নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার দেখানো হয়। 

গ্রেফতার শাহ ফয়সালকে গত বছরের ১৪ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই বন্দি করে রাখা হয়েছিল। বিদেশ যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেই সময় তাকে শ্রীনগরে ফেরত পাঠানো হয়েছিল। শেষপর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হলো। 

গত বছরই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শাহ ফয়সাল। পেশাগতভাবে একজন চিকিৎসক তিনি। ২০১৯ সালের জানুয়ারিতে কাশ্মীরে নির্বিচারে যে হত্যা হয় এবং ভারতীয় মুসলমানদের একঘরে করে দেওয়ার জন্যে যে তোড়জোড় শুরু হয়, তারই বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তিনি। শুধু তাই নয় প্রতিবাদস্বরূপ আইএএসের চাকরি থেকে ইস্তফাও দেন।

শাহ ফয়সাল ২০০৯ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় জম্মু-কাশ্মীর থেকে প্রথম ব্যক্তি হিসাবে তালিকার শীর্ষস্থান দখল করেছিলেন।

এদিকে শাহ ফয়সালের আগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে একই আইনে গ্রেফতার রাখা হয়েছে। এছাড়াও জম্মু-কাশ্মীরের আরো যে নেতাদের জন নিরাপত্তা আইনের গ্রেফতার করা হয় তারা হলেন- ফারুক আবদুল্লা, আলি মহম্মদ সাগর, নাঈম আক্তার, সারতাজ মাদানি এবং হিলাল লোন।

২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সরকারের এই পদক্ষেপের অন্যতম সমালোচক শাহ ফয়সাল। খবর: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ