চীনে মৃতের সংখ্যা ১৫০০ ছাড়াল আক্রান্ত ৬৬ হাজার ৪৯২

ইউরোপেও প্রাণ নিল করোনা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:০১

এবার ইউরোপেও প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রথম ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সি ঐ ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়। এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে তিনটি দেশ হংকং, ফিলিপাইন ও জাপানে করোনা ভাইরাসে তিন জনের মৃত্যু হয়। এদিকে করোনা ভাইরাসে আরো ১৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৩ জনে। আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৪৯২ জন। ভাইরাসটিকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, করোনা ভাইরাসটি যে কোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য চিকিত্সক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ জানান, বাংলাদেশে আপাতত করোনা ভাইরাসের ঝুঁকি না থাকলেও সাবধানতার কোনো বিকল্প নেই। কাঁচা গরু ও মুরগির মাংসের সংস্পর্শে যাওয়ার পর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। ডিম পুরোপুরি সিদ্ধ করে খেতে হবে। গৃহপালিত পশু-পাখি থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। উটের কাঁচা দুধ খাওয়া যাবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে যখন যেখানে কেউ আক্রান্ত হবে, তখন সেখানেই তার আলাদাভাবে চিকিত্সা দেওয়া যাবে। তিনি বলেন, উহানফেরত ৩১৬ বাংলাদেশির দুই সপ্তাহ কোয়ারেন্টাইন শেষ হয়েছে। তারা সুস্থ আছেন। সবাইকে গতকাল শনিবার রাতে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আশকোনা থেকে বাড়ি ফিরছেন উহানফেরতরা

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে শুক্রবার আরো ২ হাজার ৬৪১ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৯২ জনে। আর অন্তত ২৬টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। মিশরে প্রথমবারের মতো একজন বিদেশির শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাকে আগে থেকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আফ্রিকায় করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম ঘটনা এটা। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে রীতিমতো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে চীন, কিন্তু খুব বেশি সাফল্য তাতে আসছে না।

রাজধানী বেইজিংয়ের বাসিন্দাদের মধ্যে যারা ছুটি শেষে নগরে ফিরছেন, তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিন চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নতুন ধরনের এ করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এ পর্যন্ত মৃত্যু ও আক্রান্তের বেশির ভাগ ঘটনাই ঘটেছে ঐ হুবেই প্রদেশে। শুক্রবার চীনে যে ১৪৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৩৯ জনই ছিল হুবেই প্রদেশের বাসিন্দা। তাদের মধ্যে ১০৭ জনই আবার উহানের। এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন ও চীনের বাইরে বেশ কিছু ক্রীড়া আয়োজন ও বাণিজ্য সম্মেলন স্থগিত করা হয়েছে। জাহাজ ও বিমান চলাচলে কড়াকড়িতে বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিপ্রতিক্রিয়া’ দেখানোর অভিযোগ এনেছে চীন। দেশটির পরারাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। সংক্রমণ হঠাত্ হয়েছে এবং চীনসহ পুরো বিশ্বই চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের সর্বাত্মক ব্যবস্থা আমরা নিয়েছি।’

কোয়ারেন্টাইন শেষ, বাড়ি

ফিরছেন ৩১৬ জন

উহান থেকে দেশে ফেরা ৩১৬ জন বাংলাদেশিকে গতকাল আশকোনার হজ ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়। শনিবার বিকাল থেকেই তাদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষে প্রত্যেককে স্বাস্থ্য সনদ ও সংবর্ধনা দেওয়া হয়। এরপর তারা স্বজনদের সঙ্গে নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে রাত হয়ে যাওয়ায় অনেকে আজ রবিবার হজ ক্যাম্প ছাড়তে পারেন।

করোনা ভাইরাসের মাইক্রোস্কোপিক

ছবি প্রকাশ

সম্প্রতি করোনা ভাইরাসের ছবি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)। এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি অংশ। হ্যামিল্টনের রকি পর্বতমালার ল্যাবে তারা করোনাভাইরাসের ছবি ধারণ করেছে উচ্চক্ষমতাসম্পন্ন স্ক্যানিং অ্যান্ড ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে। নভেল করোনা ভাইরাসের আণবিক চিত্র ২০০২ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ও ২০১২ সালের মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের সঙ্গে অনেকটাই মিলে যায়। মিল থাকার বিষয়টি ব্যাখ্যা করে এনআইএআইডি এক ব্লগ পোস্টে জানায়, কাঁটাযুক্ত উপরিভাগের জন্যই করোনা ভাইরাস পরিবারের নামে ‘করোনা’ যুক্ত হয়েছে। ল্যাটিন এই শব্দের অর্থ ‘মুকুট’।

বিপদে ভারত

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব পড়ছে ভারতের নির্মাণ, অটো, রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল খাতে। ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, পাঁচটি আমদানি সামগ্রী—বৈদ্যুতিক যন্ত্রপাতি, অন্যান্য যন্ত্র ও যান্ত্রিক সরঞ্জাম, জৈব রাসায়নিক, প্লাস্টিক, অপটিক্যাল এবং অস্ত্রোপচার যন্ত্রপাতির জন্য চীনের ওপর ভারত ব্যাপকভাবে নির্ভরশীল। এই পাঁচ আমদানি সামগ্রী ভারতের মোট আমদানির প্রায় ২৮ শতাংশ।

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি

করোনা ভাইরাতে আক্রান্ত

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

ইত্তেফাক/ এমএএম