যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপে ইরান আলোচনায় বসবেনা। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে। রবিবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
সংবাদ সম্মেলনে হাসান রুহানি বলেন, মার্কিন কর্মকর্তারা এখন বুঝতে পারছেন যে, তারা ভুল কৌশলে ইরান নিয়ে কাজ করেছেন। তারা ভেবেছিল, সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হবে। কিন্তু সেটা সম্ভব হয় নি, আমরা যথেষ্ট শক্তি ও মর্যাদা নিয়ে বিশ্বের সঙ্গে কথা বলেছি।
ইরানের প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণের কিছু সমস্যা হয়েছে বিশেষ করে সাধারণ জনগণের, তবে তারা দেশের শত্রুদেরকে কোনভাবেই সফল কিংবা লাভবান হতে দেবেন না।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলে ইরানের জন্য কী ধরনের পরিণতি হতে পারে- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, যুক্তরাষ্ট্রে কোন দল ক্ষমতায় থাকলো সেটি আমাদের কাছে কোনো ব্যাপার না। আমাদের কাছে ইরানের জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ।
ইত্তেফাক/এআর
