অভিনেতা শত্রুঘ্ন সিনহা বর্তমানে কংগ্রেস নেতা। তিনি বিজেপির সংসদ সদস্য ছিলেন। শুক্রবার পাকিস্তানের লাহোরে এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন এই নেতা-অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল শত্রুঘ্ন সিনহার ছবি ও ভিডিও।
পুলওয়ামা হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই পরিস্থিতিতে শুক্রবার পাকিস্তানের লাহোরে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিয়েতে পাক অভিনেত্রী রিমা খানের পাশে বসে ছবি তুলেছেন বর্তমান কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। পাকিস্তানের এই অভিনেত্রী নিজে তার সোশ্যাল মিডিয়া হেন্ডেলে এই ছবিগুলি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া থেকেই জানা গেছে বিয়ের অনুষ্ঠানটি হিনা ও আহমেদ নামে দুই পাক নাগরিকের। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে জমিয়ে গল্পগুজব করতেও দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহাকে। অভিনেতা বিয়ের অনুষ্ঠানে থাকাকালীন বলিউডের গানে নাচতে দেখে দেখা গেছে অতিথিদের সঙ্গে। রীতিমত ভাইরাল শত্রুঘ্ন সিনহার ছবি এবং ভিডিও। আর সেই ছবি দেখে অনেকেই কটাক্ষ করেছে।
উল্লেখ্য, কংগ্রেস নেতা তথা ক্রিকেটার সিধু পাকিস্তানে গিয়ে সমালোচনার মুখে পড়েছিল। অবস্থা এতটাই খারাপ হয় যে গত লোকসভা নির্বাচনে তার ফল ভোগ করতে হয়েছিল গোটা কংগ্রেসকে। এমনকি, দলের মধ্যেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এরপর পাকিস্তানে গান গাইতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন মিকা সিং-এর মত গায়ক। পরিস্থিতি এতটাই ঘোরতর হয় যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় মিকাকে। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহার পাকিস্তান সফর কতটা সুখবর হবে না তা বোঝাই যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি

