ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুদিনে একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে। ওই রোগে অসুস্থ হয়ে ওই পরিবারের আরও তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের এ ঘটনায় এলাকা জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন এবং আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন : হাতিরঝিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
মৃত দুই নারীর স্বজনরা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড়ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থবোধ করলে স্বজনরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে রবিবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, এ ঘটনার পর ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পরলে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলছেন তাদের নিবির পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পরে মিনা বেগম চিকিৎসা নেয়ার আগেই মারা যান। পরদিন আবার হঠাৎ অসুস্থ হন পশিনা বেগম। তার চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফেরার পরও তিনিও মারা যান।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মোঃ মাহফুজার রহমান সরকার জানান, এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন। কি কারণে তারা মারা গেল এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছে তারা বর্তমানে ভাল আছেন বলে জানান তিনি।
উল্লেখ যে, গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছিল। স্থানীয়দের ধারনা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হতে পারে।
ইত্তেফাক/এমআরএম
