১৫২ স্কুল বন্ধ রেখে পিকনিকঃ শিক্ষা অফিসারকে শোকজ 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২২

ঝিনাইদহের মহেশপুরে ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে পিকনিক করায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানকে শোকজ করা হয়েছে। গত ২০ শে ফেব্রুয়ারি ওইসব  স্কুলের পাঠদান বন্ধ রেখে সকল শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপজেলার তালতলা নামক স্থানে দিনব্যাপী পিকনিক করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসনের নজর কাড়ে। 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানকে শোকজ করা হয়েছে। কেন একযোগে ১৫২টি স্কুল বন্ধ রেখে পিকনিক করা হয়েছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। উত্তর পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ১৫২ স্কুল বন্ধ রেখে শিক্ষকদের পিকনিক!

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘পত্রিকায় নিউজ হয়েছে, দেশের জনগণ পড়েছে আমাকে শোকজ করবে কে?’

ইত্তেফাক/এএএম