সেই অদম্য লিতুন জিরা বৃত্তি পেল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৯

সেই অদম্য মেধাবী লিতুন জিরা এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে। মঙ্গলবার প্রাথমিক বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। মুখ দিয়ে লিখেই ২০১৯ সালে মনিরামপুর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় সে। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিতুন জিরার জন্ম থেকেই হাত ও পা নেই। 

লিতুন জিরা বলেছে, পরনির্ভর হয়ে সমাজের বোঝা হতে চাই না। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে আরো দশজন মানুষের মতো আত্মনির্ভশীল হতে চাই। 

জানা যায়, লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহী লিতুন জিরা প্রখর মেধাবী। হুইল চেয়ারেই বিদ্যালয়ে আসা-যাওয়া করে জিপিএ-৫ পেয়েছে। সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত বৃত্তির ফলাফলে লিতুন জিরা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। 

আরো পড়ুন : শেষ হলো রিফাত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, উপস্থিত ছিলেন মিন্নি

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম বলেন, জন্মের পর মেয়ের ভবিষ্যত নিয়ে নানা চিন্তা তাদের পেয়ে বসতো। এখন মেয়ের মেধা তাদের আশার সঞ্চার করেছে। লিতুন জিরা আর দশজন শিশুর মতোই স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, গোসল সবকিছুই করতে পারে না। মুখ দিয়েই লেখে সে। তার চমৎকার হাতের লেখা যে কারো দৃষ্টি কাড়বে।

উল্লেখ্য, ২ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘অভিনন্দন লিতুন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

ইত্তেফাক/ইউবি