পিলখানা হত্যাকাণ্ডের ১১ বছর পার হলেও এখনো স্বজনের চোখে শোকের অশ্রু। তাদের স্মৃতিতে উজ্জ্বল হারিয়ে যাওয়া আপনজনের প্রিয়মুখ। তাই গতকাল মঙ্গলবার সকাল থেকেই বনানী সামরিক কবরস্থানে জড়ো হন পিলখানার ঘটনায় নিহত সেনাসদস্যদের পরিবার। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় তারা স্মরণ করেন না ফেরার দেশে চলে যাওয়া স্বজনদের। গভীর মমতায় ফুল ছড়িয়ে দেন তাদের কবরের ওপর।
শুধু স্বজনরাই নন, ‘পিলখানা হত্যা দিবসে’ বনানী সামরিক কবরস্থানে সকাল ৯টায় নিহত সামরিক সদস্যদের স্মরণে তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে, রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ্জামান এবং প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেফতার : কাদের
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পক্ষে অতিরিক্ত সচিব এবং বিজিবির মহাপরিচালক মোহাম্মদ সাফিনুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ইত্তেফাক/ইউবি
