সিলেটে ডাকাত দলের প্রধান গ্রেফতার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৬

দেশের বিভিন্ন এলাকা থেকে যুবকদের নিয়ে সিলেটে গঠন করা হয় ৩০ সদস্যের একটি সংগঠিত ডাকাত দল। তারা একে অপরকে চিনতে ব্যবহার করে বিশেষ কোড। ডাকাতি চলে বিভিন্ন গ্রাম ও বাসা বাড়িতে।  ডাকাতির বড় একটা অংশ ব্যয় করা হয় সকল সদস্যদের সার্বিক কল্যাণে। বুধবার দিবাগত রাতে আবুল কালাম (৪৫) নামের এক ডাকাতকে গ্রেফতারের পর তথ্যগুলো পায় ওসমানীনগর থানা পুলিশ। 

বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া আবুল কালাম ওরফে গুল্লি কামাল জকিগঞ্জ উপজেলার শাহগলি গ্রামের মৃত আনু মিয়ার পুত্র। তিনি একাধিক ডাকাতির মামলার পলাতক আসামি। এছাড়া সিলেটের বিভিন্ন এলাকায় কামালের একাধিক স্থায়ী ও অস্থায়ী বাসা বাড়ি রয়েছে বলে নিশ্চিত করে থানা পুলিশ।

আরও পড়ুন: শীঘ্রই ভারত থেকে আসছে পেঁয়াজ

পুলিশ জানায়, একটি ডাকাতির মামলার সূত্র ধরে ওসমানীনগর থানা পুলিশ বুধবার রাতে ওসমানীনগরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম ওরফে আবুল কাশেম ওরফে গুল্লি কালামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সংগঠনের নেতৃত্ব দেওয়ার বিষয়টিও প্রকাশ পায়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং কথিত সংঘঠনটির সম্পর্কে বিস্তারিত জানতে থানা পুলিশ তৎপর রয়েছে।

ইত্তেফাক/এসি