‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই সমৃদ্ধি ও উন্নয়ন’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ কোনো কোনো মিডিয়ায় দেখেছি অভিযোগ করেছে- আওয়ামী লীগ সমৃদ্ধির ওপর জোর দিয়েছে, গণতন্ত্রের ওপর নয়। অমর্ত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশের এ সমৃদ্ধি ও উন্নয়ন। গণতন্ত্রকে বাদ দিয়ে আমরা সমৃদ্ধি চাই না। অতএব আমাদের সম্পর্কে এ ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা দয়া করে দেবেন না।

মঙ্গলবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে এক নির্বাচনী পথসভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করছি যারা গণতন্ত্র নিয়ে কথা বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম, জন্ম থেকে আওয়ামী লীগের এ ৬৯ বছরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ যতোবারই ক্ষমতায় এসেছে, ততবারই নির্বাচনের মাধ্যমে এসেছে। আমরা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসিনি। আমরা ক্ষমতায় এসেছি আন্দোলন-সংগ্রাম করে। তিনি বলেন, বঙ্গবন্ধু, হোসেন শহীদ সোরাওয়ার্দী ও মাওলানা ভাসানি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর এ গণতন্ত্র ’৭৫-এর রক্তাক্ত হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু মুজিব যখন সপরিবারে নিহত হলেন, এরপর ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু চোরাগোপ্তা বা পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসিনি।
 
বেগমগঞ্জে দলীয় প্রার্থী কিরণের পক্ষে ভোট চেয়ে বলেন, চারদিকে হাসিনা ম্যাজিকে নৌকার জয়জয়কার। ম্যাজিকটা কি? হাসিনা ম্যাজিক। আমাদের নেত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি- কাজ করলে ভুল হয়। কাজ আমরাই করেছি, ভুলও আমাদের হয়েছে। চাঁদেরও কলঙ্ক থাকে। আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে নেত্রীর পক্ষ থেকে ভুলত্রুটির ক্ষমা চাচ্ছি। ক্ষমতায় আসলে আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নেবো ও সংশোধ করবো। 

মন্ত্রী বলেন, আমাকে নেত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করে নোয়াখালীবাসীকে সম্মান দিয়েছেন। অতএব সাধারণ সম্পাদক হিসেবে এটা আমার প্রথম নির্বাচন। এ নির্বাচনে নোয়াখালীবাসীর কাছে আমার অনুরোধ- নেত্রী আমাকে সম্মান দিয়ে আপনাদের যে সম্মান দেখিয়েছেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে নেত্রীকে বুঝিয়ে দিন আমরাও আপনাকে সম্মানের স্বীকৃতি দিয়েছি। এ সময় তিনি বেগমগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দিয়ে ঘোষণা দেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে। একইসঙ্গে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর পর্যন্ত ফোর-লেন সড়কের পরিকল্পনা হাতে নেওয়া হবে।

আরও পড়ুন: আবারো রক্তাক্ত আফগানিস্তান, নিহত ৪৩

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশীদ কিরণ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল প্রমুখ।

ইত্তেফাক/এমআই