এবার করোনায় 'আক্রান্ত' পোষ্য কুকুর  

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৮

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার এক পোষ্য কুকুর আক্রান্ত হয়েছে। হংকং সরকার শুক্রবার এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোষ্য কুকুরের মালিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার কুকুরও করোনায় আক্রান্ত হয়।  তবে ওই কুকুরের মধ্যে করোনায় আক্রান্তের হার 'নিম্ন স্তরের'।   

এক বিবৃতিতে হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগের (এএফসিডি) এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের কাছে ওই কুকুরটি হস্তান্তর করে।  

এরপর এএফসিডি পরীক্ষার মাধ্যমে জানতে পারে ওই কুকুর করোনায় আক্রান্ত। তবে ওই কুকুরের মধ্যে করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি।  

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাইরের পরিবেশের কারণে ওই কুকুরের মুখ এবং নাকে করোনার জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে। ওই কুকুর আসলে করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে এবং পরবর্তীতে আরো পরীক্ষা করা হবে। 

এছাড়া এএফসিডি'র মুখপাত্র বলেন, এখন পর্যন্ত করোনায় পোষ্যকুকুর আক্রান্ত হয় কিনা বা পোষ্যকুকুর থেকে করোনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে কিনা তা প্রমাণিত হয়নি।   

ইতিমধ্যে প্রাণঘাতী এই করোনাভাইরাসে বিশ্বের ৫০ টি দেশের প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছেন প্রায় ২ হাজার ৮শ জন মানুষ।  

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এসআর